# Tags

গোবিন্দগঞ্জে শীতার্তদের মাঝে অপরাজিতা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সমাজসেবামূলক সংগঠন অপরাজিতা ফাউন্ডেশন।

বুধবার দুপুর ১২টায় গোবিন্দগঞ্জ পৌর শহরের নিউ লাইফ ইংলিশ মিডিয়াম স্কুল মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অপরাজিতা ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর দাউদ হাসান চৌধুরী সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার হামিদুর রহমান, আইয়ুব হোসেন, আল ইমরান তালুকদার, এবং অধ্যক্ষ শফিকুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথি তামশিদ ইরাম খান বলেন, অপরাজিতা ফাউন্ডেশন যে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে, তা সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। সরকারি ও বেসরকারি উদ্যোগে এমন কার্যক্রম অব্যাহত থাকলে কেউ আর শীতে কষ্ট পাবে না।

ওসি বুলবুল ইসলাম বলেন, মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা। অপরাজিতা ফাউন্ডেশনের এই উদ্যোগ প্রশংসার দাবিদার এবং এটি সমাজে মানবিকতার বার্তা ছড়িয়ে দিচ্ছে।
অপরাজিতা ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর দাউদ হাসান চৌধুরী সুমন জানান,

আমাদের লক্ষ্য হলো সমাজের প্রতিটি মানুষ যেন শীতে উষ্ণতার পরশ পায়। ভবিষ্যতেও আমরা এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবো।